বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আগামীকাল শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

শুক্রবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

এর আগে একই কারণে ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। একই সঙ্গে রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় বৃষ্টিজনিত জলাবদ্ধতা ও প্লাবনের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।