'বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নে কূটনীতিকদের আরো দক্ষ হতে হবে'

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
'বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নে কূটনীতিকদের আরো দক্ষ হতে হবে'
বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘রিফ্রেশার্স কোর্স ফর ডিরেক্টরস ২০২৬’-এর সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে জাতীয় স্বার্থ এগিয়ে নিতে কূটনীতিকদের আরও দক্ষ, পেশাদার ও বিশেষায়িত জ্ঞানসম্পন্ন হতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘রিফ্রেশার্স কোর্স ফর ডিরেক্টরস ২০২৬’-এর সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনিরবলেন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, আন্তসীমান্ত নদীর পানি বণ্টন, মুক্ত বাণিজ্য চুক্তি, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের গভীর দক্ষতা অর্জন জরুরি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় একটি দক্ষ ও পেশাদার কূটনৈতিক বাহিনী গড়ে তোলা সময়ের দাবি। সে লক্ষ্যেই কূটনীতিকদের জাতীয় অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (পূর্ব ও পশ্চিম) সচিব রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন, মধ্য পর্যায়ের কূটনীতিকদের পেশাগত সক্ষমতা বাড়াতে এবং নতুন নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে রিফ্রেশার্স কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত। তিনি বলেন, বর্তমান সময়ের কূটনীতিকদের বিশ্লেষণধর্মী, অভিযোজনক্ষম, সংযত ও নৈতিক হতে হবে। পেশাদার কূটনীতিক গড়ে তুলতে ফরেন সার্ভিস একাডেমি ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ফরেন সার্ভিস একাডেমি তাদের ধারাবাহিক পেশাগত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর এই রিফ্রেশার্স কোর্সের আয়োজন করে। এ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩ জন পরিচালক সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন। অনুষ্ঠানে তাঁদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।