পাবনায় কিশোরী ধর্ষণ ও হত্যাকে ঘিরে অগ্নিসংযোগ, দগ্ধ তিনজনের মৃত্যু

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
পাবনায় কিশোরী ধর্ষণ ও হত্যাকে ঘিরে
অগ্নিসংযোগ, দগ্ধ তিনজনের মৃত্যু
সংগ্রহীত

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যাকে ঘিরে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুইজন এবং সোমবার বিকেলে একই হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।

নিহতরা হলেন সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার সুমন শেখ (৩৫), নতুনপাড়া এলাকার সাইফুল ইসলাম সাব্বির (২৮) এবং একই এলাকার সাপু (৪৫)। তারা সবাই দিনমজুর ছিলেন। ঘটনার সময় তারা আগুন নেভানোর চেষ্টা করছিলেন বা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মা নদী থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়।

ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করে। আগুনে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েকজন দগ্ধ হন।

স্থানীয়রা আহতদের প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্তদের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধরা মূলত প্রতিবেশী বা আগুন নেভাতে আসা স্থানীয় মানুষ ছিলেন।

এ ঘটনায় কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও শোক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।