জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলন, শহীদদের স্মৃতিস্তম্ভ এবং আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠনের পক্ষ থেকে অভিযোগটি দায়ের করা হয়। বিষয়টি রোকেয়া কলেকটিভকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
জিডিতে বলা হয়েছে, সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন, এর স্মৃতিস্তম্ভ এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য দিয়েছেন।
অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাঁকে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করতে দেখা যায়। সংগঠনটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
একই অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে বলা হয়েছে, তিনি বিভিন্ন ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে ‘পরিকল্পিত’ বা ‘সাজানো’ ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করেছেন এবং তাঁদের কর্মকাণ্ডকে ‘অভিনয়’-এর সঙ্গে তুলনা করেছেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ আন্দোলনের বিভিন্ন পক্ষকে হেয় করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জিডিতে অভিযোগগুলোর তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রসংলাপ ফোরাম বলেছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সংগঠনটির পক্ষে জিডিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস, কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা এবং কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী।






