৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেয়ার ঘোষণা

আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এ কর্মসূচির আওতায় পরিবারপ্রধান নারীরা মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। এজন্য বাজেটে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় বলা হয়, সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারের সিগনেচার কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী সদস্য মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে।
মা ও শিশু সহায়তায় নতুন বরাদ্দ
বাজেটে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
দুরারোগ্য রোগে সহায়তা দ্বিগুণ
ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এককালীন সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্তদের ভাতা
সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে বীরশ্রেষ্ঠদের পরিবারের ভাতা ৪০ হাজার টাকা, বীর উত্তম ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীকদের পরিবারের ভাতা ২৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর জন্য মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের জন্য ক্যাটাগরি অনুযায়ী ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা ভাতা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে
সামাজিক নিরাপত্তা খাতে আগামী অর্থবছরে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।






