আরও তিন দিন চার বিভাগে ভারি বৃষ্টিপাত, স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

রোকেয়া কালেকটিভ প্রতিনিধি
আরও তিন দিন চার বিভাগে ভারি বৃষ্টিপাত, স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
অতি ভারী বৃষ্টিপাতের পর উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তা ডুবে গেছে | ফাইল ছবি: মোহাম্মদ জোনায়েদ

আজ ও পরবর্তী তিন দিন দেশের চারটি বিভাগ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারি ও অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

কোনো এলাকায় দিনে ৪৪ মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টিপাত হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের চেয়ে বেশি হলে তাকে অতি ভারি বৃষ্টিপাত বলে চিহ্নিত করা হয়।

টানা ভারি বৃষ্টিপাতের কারণে এই চার বিভাগের কয়েকটি নদীর পানি বাড়তে পারে। এতে ওই সব বিভাগে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কিছু কিছু স্থানে বৃষ্টির পরিমাণ ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টি হয়। এতে চার বিভাগে কয়েকটি নদীর পানি বাড়লেও এখন পর্যন্ত দেশের সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

পার্বত্য অঞ্চলে জনদুর্ভোগে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ:

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সরকারের দেওয়া তথ্য বিবরনীতে বলা হয়, এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী প্রাকৃতিকভাবে সৃষ্ট এ বৈরী আবহাওয়া থেকে নিজেদের জানমাল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য চট্টগ্রাম বিভাগের স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় তরুণদের বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তথ্য বিবরনীতে বলা হয়েছে, ৪২ বছরের রেকর্ড ভেঙা এ ভারি বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে চরম জনদুর্ভোগ তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়া, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।