খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

রোকেয়া কালেকটিভ প্রতিনিধি
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড
অভিযুক্ত মো. শাহিন | ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (৭) ধর্ষণের মামলায় মো. শাহিন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি শাহিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার এক বছরের মধ্যেই মামলার নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “২০২৫ সালের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে মো. শাহিন। এই রায়ের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত ন্যায়বিচার পেয়েছি।”

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ জুলাই রামগড়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ুয়া ওই শিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে রামগড় থানায় একটি মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চা-দোকানি শাহিনকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।

এদিকে আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এই রায়ে সন্তুষ্ট হতে পারিনি। আমাদের মনে হয়েছে, এখানে ন্যায়বিচার নিশ্চিত হয়নি।”

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।