সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের অভিযোগ, আহত ৩

সাভারে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।
এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। আহত ব্যক্তিরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা সাভার থানার সামনে অবস্থান নিয়েছেন।
সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। তখন সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ নিয়ে পুলিশের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।






