ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ চারছাত্রীর সন্ধান মিলেছে সিলেটের একটি বাস কাউন্টারে। আজ বুধবার সিলেট সিটি করপোরেশন এলাকা থেকে পুলিশ তাদের উদ্ধার করে।
গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও এর একই গ্রামের স্কুলপড়ুয়া ওই ছাত্রীরা প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে ওই কিশোরীদের অভিভাবক স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো বুলবুল ইসলাম রোকেয়া কালেকটিভকে বলেন, স্কুলছাত্রীদের সবাই এখন দক্ষিণ সুরমা থানার হেফাজতে আছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয়।
"ওই কিশোরীরা কোনো পাচারকারী চক্রের খপ্পরে পড়েছিল কি না খতিয়ে দেখা হচ্ছে," ইসলাম রোকেয়া কালেকটিভকে বলেন।
"গোয়াইনঘাট যাওয়ার বাসের অপেক্ষা করছিল তারা, ওদিকে সীমান্ত রয়েছে," তিনি যোগ করেন।
তবে বালিয়াডাঙ্গী ফিরে এলে এ ব্যাপারে প্রকৃত তথ্য পাওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁও থেকে পুলিশ সদস্যরা উদ্ধার মেয়েদের ফিরিয়ে আনতে সিলেটে গেছেন।






