বিমসটেকের খাতভিত্তিক বৈঠক আয়োজন করতে প্রস্তুত বাংলাদেশ

বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) খাতভিত্তিক বৈঠক আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।
এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সভাপতিত্বকালে গৃহীত সিদ্ধান্ত ও অগ্রাধিকারগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের সভাপতিত্বকালে বিমসটেক প্রক্রিয়ার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের আলোকে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এর মাধ্যমে বঙ্গোপসাগরীয় অঞ্চলের মানুষের জন্য বাস্তব সুফল নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে বিমসটেকের বিভিন্ন খাতভিত্তিক বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এতে সভাপতিত্বকালীন সিদ্ধান্ত ও অগ্রাধিকার বাস্তবায়নের গতি বাড়বে।
বৈঠকে বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে সংস্থাটির চলমান কার্যক্রম ও সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেকের কর্মসূচি এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন।
তিনি বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে যৌথ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করা প্রয়োজন।
বৈঠকে বাংলাদেশের সভাপতিত্বকালে নেওয়া যেতে পারে এমন সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই ‘সমৃদ্ধ, স্থিতিশীল ও উন্মুক্ত বিমসটেক’-এর অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






