রয়টার্স বলছে শেখ হাসিনা দেশে ফিরবেন ডিসেম্বরে, কী বলছে বিএনপি ও এনসিপি

রোকেয়া কালেকটিভ প্রতিনিধি
রয়টার্স বলছে শেখ হাসিনা দেশে ফিরবেন ডিসেম্বরে, কী বলছে বিএনপি ও এনসিপি
ছবি: রোকেয়া কালেকটিভ গ্রাফিক্স

আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স বলছে, ৫ আগস্টে পট পরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এই প্রথম দেশে ফেরার সম্ভাব্য সময় জানিয়েছেন। একইসঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা এবং আওয়ামী লীগের পলাতক অন্য নেতারাও তার সঙ্গে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি।

রয়টার্স বলছে, চলতি বছরের ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার কথা জানিয়েছেন। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।

বৃহস্পতিবার গভীর রাতে রয়টার্সকে প্রায় এক ঘণ্টার একটি টেলিফোন সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। রয়টার্স বলছে, ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো সংবাদমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী।

চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। একই সঙ্গে তার দল আওয়ামী লীগের কার্যক্রমের ওপরও দেশে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি আছে।

ফিরলে বিচার নিশ্চিত করবে বিএনপি

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সংবাদ প্রচারের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, "ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের একটি মামলায় বিচার শেষে ঢাকায় আদালতে ফাঁসির রায় হয়েছে।

আরও অনেক হত্যা মামলায় আদালতে তার বিচার চলছে।

"এই বিচারের বিষয় উল্লেখ করে রিজভী বলেন, "হাসিনার অপরাধের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে।"

একইসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা দেশে ফিরবেন কি ফিরবেন না, বা তারা কি করবেন-সেটা তাদের বিষয়, তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়।তবে তাদের বিচার নিশ্চিত করার পক্ষে বিএনপি সরকারের অবস্থানের কথা উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, "জুলাই আন্দোলনে উনি (শেখ হাসিনা) যে হত্যার মহাযজ্ঞ চালিয়েছেন, শিশু-কিশোরদেরও হত্যা করেছেন। সেই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত হোক, সেটা জনগণ চায়। আদালতে বিচার চলছে। ফলে অপরাধের ব্যাপারে বিচার হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে।

সরকারের উচিত হাসিনার ফাঁসির

রায় কার্যকর করা: নাহিদ

রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠান শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। তো আমাদের দাবি থাকবে, দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবে, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’

তিনি বলেন, ‘বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।’

নাহিদ ইসলাম বলেন, 'শেখ হাসিনা কিভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে। এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে। এখানে আর কোনো পক্ষ নাই। ফলে সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে।’