এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বাকি চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা যায়।

মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক) ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহপরান মাজার এলাকা থেকে ফেরার পথে এক দম্পতির ব্যক্তিগত গাড়ি এমসি কলেজের প্রধান ফটকের সামনে থামিয়ে তাঁদের কলেজ ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে আটকে রেখে গাড়ির ভেতরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। একই ঘটনায় তাঁদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া এবং গাড়ি আটকে রাখার অভিযোগও ওঠে।

ঘটনার রাতে ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। তদন্তে আরও দুজনের সম্পৃক্ততা পাওয়ার পর তাঁদেরও আসামি করা হয়। পরে তদন্ত চলাকালে কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সঙ্গে আলামতের মিল পাওয়া গেছে।

২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।