‘এই দেশের কাছে আমি নিজেকে ঋণী মনে করি না’: উমামা ফাতেমা

‘এই দেশের কাছে আমি নিজেকে ঋণী মনে করি না। দেশের ভেতরটা উইপোকা খেয়ে ফেলেছে।’
জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে এমন মন্তব্য করেছেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
একই সঙ্গে আরেকটি ফেসবুক পোস্টে তিনি ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার কথা উল্লেখ করে আন্দোলনকে ঘিরে বিভিন্ন দাবি ও পরিচয় নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উমামা ফাতেমা আবু সাঈদ নিহত হওয়ার দিনের স্মৃতি তুলে ধরেন।
তিনি লেখেন, সেদিন তাঁদের হলে প্রতিবাদী মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চলছিল। হলের ফটকের সামনে দিয়ে র্যাব ও বিজিবির গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করছিল। হাইকোর্ট মোড়ে ছিল র্যাবের ব্যারিকেড।
সেই দিনের স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘আমি ভুলে যেতে চাই ওই সময়গুলা। এই দেশের কাছে আমি নিজেকে ঋণী মনে করি না। দেশের ভেতরটা উইপোকা খেয়ে ফেলেছে।’
বুধবার দেওয়া আরেকটি পোস্টে জুলাই আন্দোলনকে ঘিরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর ভূমিকার দাবি নিয়ে ব্যঙ্গ করেন উমামা।
তিনি লেখেন, ‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে? এক মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দিব, পারপিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেটপ্রাপ্তদের সঙ্গে জোট করব।’
পোস্টে তিনি ব্যঙ্গ করে সম্ভাব্য কয়েকটি উপাধির কথাও উল্লেখ করেন। যেমন, ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’ এবং ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’। শেষে তিনি লেখেন, ‘কেমন লাগল আইডিয়াটা?’
উমামার এই দুটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে পোস্ট দুটি নিয়ে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।






