১২–১৪ বছরের শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, টেকনিক্যাল স্কুল–কলেজে নিবন্ধন বুথের নির্দেশ

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’ কর্মসূচি হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সরকারের এই কর্মসূচিতে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু–কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অনলাইন নিবন্ধন বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
গত ৮ জুলাই কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে ২৯ জুন এ বিষয়ে নির্দেশনা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু–কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় আগামী সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে ১ জুলাই। নিবন্ধন চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে একটি করে নিবন্ধন বুথ স্থাপন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিবন্ধনের দায়িত্বে একজন শিক্ষককে মনোনীত করতে হবে। পাশাপাশি শ্রেণিভিত্তিক মোট শিক্ষার্থী, নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নাম, পদবি ও মোবাইল নম্বর নির্ধারিত ছকে উল্লেখ করে আগামী ৪ আগস্টের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, শুধু সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নয়, দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনারের কার্যালয় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়েও নিবন্ধন বুথ স্থাপন করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশু–কিশোরদের সহজে নিবন্ধনের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করা হয় গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে। আগামী ২৭ জুলাই চলতি বছরের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করা হবে।






