মরক্কোকে আফ্রিকা-ইউরোপের বাজারে প্রবেশদ্বার হিসেবে দেখছে বাংলাদেশ

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
মরক্কোকে আফ্রিকা-ইউরোপের বাজারে প্রবেশদ্বার হিসেবে দেখছে বাংলাদেশ
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও মরক্কো। একই সঙ্গে তৈরি পোশাক, ওষুধশিল্প, পাট ও পাটজাত পণ্য, জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনাও তুলে ধরেছে দুই দেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মরক্কোর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ওষুধশিল্প, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক খাত, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়। ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মরক্কোর রাষ্ট্রদূত বলেন, আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের জন্য মরক্কো একটি কৌশলগত কেন্দ্র। তিনি তৈরি পোশাক, ওষুধশিল্প ও সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ ও উদ্যোগ গড়ে তোলার প্রস্তাব দেন। পাশাপাশি দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগসহ সব ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।