টানা ভারী বৃষ্টিতে বাড়ছে বন্যার শঙ্কা, ঝুঁকিতে সিলেট-চট্টগ্রামসহ কয়েকটি অঞ্চল

ছিল
খবর
বাংলাদেশ
টিজার:
রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। এর প্রভাবে সিলেট, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়িসহ কয়েকটি জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) এফএফডব্লিউসির প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আরও বাড়তে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি রয়েছে। মৌলভীবাজার ও হবিগঞ্জে মনু, ধলাই ও খোয়াই নদীর তীরবর্তী এলাকায় বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। তবে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানি বেড়ে কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া আগামী তিন দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এতে সিলেট ও সুনামগঞ্জের কোথাও কোথাও বিদ্যমান বন্যা পরিস্থিতির অবনতি বা নতুন করে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরাঞ্চলেও পানি বাড়ার পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে তিস্তা নদীর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট ও কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এফএফডব্লিউসি জানিয়েছে, আগামী দুই দিন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ এবং ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি আরও বাড়তে পারে বলে সংস্থাটি জানিয়েছে।






