ধানমন্ডিতে শিশু গৃহকর্মী হত্যার অভিযোগ: পাউবোর প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার, রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে শিশু গৃহকর্মী রিক্তা মনি (৯)–কে ১১ তলা ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান (৪৬) ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাত (৪০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাঁদের দুই দিনের রিমান্ডে পাঠান।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ধানমন্ডি থানার বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক অসচ্ছলতার কারণে শিশুটি ঢাকায় সবিবুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার সকাল ছয়টার দিকে ধানমন্ডির ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হয় রিক্তা মনি। পরে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বাঁ হাতও ভাঙা ছিল।
ঘটনার পর শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দম্পতিকে আটক করা হয়। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এরপর শনিবার তাঁদের আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।






