‘আমার ভাইয়ের সঙ্গে কী হয়েছিল, জানতে খুব ইচ্ছে হয়’: সানজিদা ইসলাম তুলি

‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেছেন, “আমার ভাইয়ের সঙ্গে কী হয়েছিল, তা জানতে খুব ইচ্ছে হয়। কোথায়, কোন নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছিল। আমার মাকে আপনারা দেখেছেন, আয়নাঘরের দেয়ালগুলোতে তিনি কীভাবে আমার ভাইয়ের স্মৃতিচারণ করেছেন। শুধু আমার ভাই নয়, গুম হয়ে যাওয়া সব ভাইয়ের সঙ্গেই আসলে কী হয়েছিল, তা জানতে ইচ্ছে হয়।”
বুধবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ‘মননে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সানজিদা ইসলাম তুলি বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের ছিল না। এটি ছিল দল-মত নির্বিশেষে বাংলাদেশের মানুষের সম্মিলিত আন্দোলন।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাইয়ের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং গুম-নির্যাতনের শিকার পরিবারগুলোর ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন। এসব ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তুলির ভাষ্য, বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন, মানবাধিকারকর্মীদের ভূমিকা, গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের সংগ্রাম, সাধারণ মানুষের প্রতিরোধ এবং আন্তর্জাতিক চাপ মিলেই তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ভিত্তি তৈরি হয়েছিল। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, নির্যাতন এবং অর্থনৈতিক সংকট আন্দোলনকে থামাতে পারেনি; বরং এসব ঘটনার ধারাবাহিকতাই জুলাইয়ের গণঅভ্যুত্থানকে আরও শক্তিশালী করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং অসংখ্য মানুষের ত্যাগ-তিতিক্ষার ধারাবাহিক পরিণতি। তাঁর মতে, এই গণঅভ্যুত্থানের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, বরং জনগণের ভোট ও মতামতের যথাযথ প্রতিফলন নিশ্চিত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
বিশেষ অতিথি সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন নিজের তিন মাস ১৭ দিন গুম থাকার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জুলাই আন্দোলন দেশপ্রেম, গণতন্ত্র ও স্বাধীন সত্তা রক্ষার শিক্ষা দিয়েছে। তিনি একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জুলাইয়ের চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবীর বলেন, জুলাইকে প্রশ্নবিদ্ধ করার যে কোনো প্রচেষ্টার সঙ্গে আপসের সুযোগ নেই। তাঁর অভিযোগ, বিভিন্নভাবে জুলাই নিয়ে বিভ্রান্তিকর বয়ান তৈরির চেষ্টা করা হচ্ছে।
আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।






