নারী শান্তিরক্ষীদের জন্য আরও নিরাপদ কর্মপরিবেশ চায় বাংলাদেশ

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
নারী শান্তিরক্ষীদের জন্য আরও নিরাপদ কর্মপরিবেশ চায় বাংলাদেশ
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী শান্তিরক্ষীদের জন্য আরও নিরাপদ, উপযুক্ত ও নারী-বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

একই সঙ্গে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিশন এলাকায় দায়িত্ব পালনকারী নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘকে আরও পরিবেশবান্ধব ও নারী-বান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।