ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে - যা বললেন ফুটবলার আফঈদা

মণিষা চাকমা
ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে - যা বললেন ফুটবলার আফঈদা
ফুটবলার আফইদা খন্দকার | ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। শহর থেকে গ্রাম সবখানেই এখন শুধু ফুটবল আর ফুটবল। তবে যারা নিজেরাও পেশাদার ফুটবলার, মাঠের প্রাত্যহিক ব্যস্ততা আর কঠোর অনুশীলনের মাঝে তাদের এই বিশ্বমঞ্চের রোমাঞ্চ উপভোগ করার গল্পটা একটু ভিন্ন। সম্প্রতি নিজের ক্যারিয়ার পরিকল্পনা, ফুটবল দর্শন এবং চলমান বিশ্বকাপ নিয়ে নিজের ব্যক্তিগত ভাবনাগুলো শেয়ার করলেন দেশের উদীয়মান নারী ফুটবলার আফঈদা খন্দকার।

আফঈদার কাছে প্রশ্ন ছিল এবারের বিশ্বকাপ কার ঘরে যাচ্ছে তা নিয়ে। গোল্ডেন বুট ই বা কে পাবেন?

ব্রাজিলের নেইমারের খেলার দারুন ভক্ত আফঈদা। প্রিয় দল না থাকায় কিছুটা মন খারাপ। তবে তাই বলে পেশাদার এই ফুটবলার খেলা দেখা, বা চুলচেরা বিশ্লেষণ ছাড়েননি।

আফঈদা বলছিলেন, ফিটনেস ধরে রাখা ও মাঠের কঠোর ব্যস্ততার কারণে মাঝরাতের খেলাগুলো মিস হয়। তবে রাত ১০টা বা ১১টার ম্যাচগুলো দেখেন। আর পেশাদার ফুটবলার হিসেবে তার চোখ শুধু বিনোদনে আটকে থাকে না; স্ক্রিনের সামনে বসলে তিনি নিবিড়ভাবে লক্ষ্য করেন মাঠের রণকৌশল, ফরমেশন আর খেলোয়াড়দের মুভমেন্ট।

আজ থেকে শুরু হতে যাওয়া কোয়ার্টার ফাইনাল পর্বের নকআউটের চূড়ান্ত লড়াই নিয়ে নিজের একটি সূক্ষ্ম বিশ্লেষণ তিনি রোকেয়া কালেকটিভকে তুলে ধরেন।

তাঁর হিসেবে চূড়ান্ত ম্যাচে দেখা যাবে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স অথবা স্পেনের মধ্যে যেকোনো দুটিকে।

এবারের আসরে গোল্ডেন বুটের লড়াইটাও বেশ জমজমাট। এখন পর্যন্ত ৮ গোল নিয়ে তালিকার শীর্ষে থাকা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যেই মূল টক্করটা দেখছেন তিনি। তবে ডিফেন্স ও অ্যাটাকিং লাইনের চমৎকার ভারসাম্যের কারণে এবারের বিশ্বকাপে ফ্রান্সের মাঠের কৌশল তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

তবে আফঈদার ধারণা এবার বিশ্বকাপ ফাইনাল হবে ইংল্যান্ড ও স্পেন।

রাউন্ড অফ সিক্সটিনে আর্জেন্টিনা বনাম মিশরের বিতর্কিত ম্যাচটি এবং রেফারিং নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়েও কথা বলেন আফঈদা। কোনো রকম পক্ষপাতিত্ব না করে পেশাদারিত্বের জায়গা থেকে তার সরল মন্তব্য, মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। বিতর্ক যাই হোক না কেন, দিনশেষে মাঠে রেফারি যা বলবেন, একজন খেলোয়াড় হিসেবে তা মেনে নেওয়া উচিত।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালের আগেই ব্রাজিল ও পর্তুগালের মতো পরাশক্তিদের বিদায় নেওয়াকে ফুটবলের চিরন্তন সৌন্দর্য ও অনিশ্চয়তা হিসেবেই দেখছেন তিনি। ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক এবং নেইমারের খেলার স্টাইলের দারুণ ভক্ত হওয়া সত্ত্বেও আফঈদা মনে করেন, ফুটবল খেলা নিয়ে আগে থেকে কিছু বলা যায় না। ৯০ মিনিটের খেলায় মাঠে যে ভালো খেলবে, জয় তারই। সবসময় বড় দলগুলোই জিতবে, এমন কোনো নিশ্চয়তা ফুটবল দেয় না।

কোটি ভক্তের মতো বাংলাদেশের ফুটবলকে বিশ্বমঞ্চে দেখার স্বপ্ন বুনেছেন আফঈদাও। তবে এই স্বপ্নে তিনি বেশ বাস্তববাদী। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিমধ্যেই এশিয়ার মূল মঞ্চে কোয়ালিফাই করে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। তাই আফঈদা বিশ্বাস করেন, ধাপে ধাপে একদিন লাল-সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপের মূল পর্বেও জায়গা করে নেবে।