শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সংসদ ভবনের সামনে লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৬টার দিকে তাঁরা জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। সে সময় সংসদের অধিবেশন চলছিল। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পুলিশ আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরে যেতে অনুরোধ করে। কিছু সময় পর কয়েকজন শিক্ষার্থী সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এরপর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

লাঠিচার্জের পর আন্দোলনকারীরা দ্রুত বিভিন্ন দিকে সরে যান। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়তে উদ্যত হন বলে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান। পরে পুলিশ সংসদ ভবনের প্রধান ফটক এলাকা থেকে আসাদগেট পর্যন্ত সড়ক খালি করে দেয়।
সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় আহতের সুনির্দিষ্ট সংখ্যা বা আটকসংক্রান্ত কোনো তথ্য পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায়নি।






