৯৯৯-এ ফোন, মিরপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ৯৯৯ সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) বিকেলে মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, তাঁদের এলাকার এক মাদ্রাসাশিক্ষক ১২ বছর বয়সী এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেছেন।
অভিযোগ পাওয়ার পর ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে মিরপুর থানায় জানানো হয়। পরে থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত মো. মোশারফ হোসেন মেহেদীকে (২৬) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া মোশারফ হোসেন মেহেদীর বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নিজবর্ণী পলাশতলা গ্রামে। তিনি বর্তমানে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় বসবাস করছিলেন।
মিরপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
৯৯৯ কর্তৃপক্ষ জানায়, কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার নায়েক তানিয়া। পরে পুলিশ ডিসপ্যাচার মো. মহিউদ্দিন মুন্না অভিযোগকারী ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে দ্রুত পুলিশি ব্যবস্থা নিশ্চিত করেন।






