বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে ব্রাজিলের রাষ্ট্রদূত: ‘সবচেয়ে কঠিন সময়ে পাশে ছিলেন আপনারা, ব্রাজিল তা ভুলবে না’

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে ব্রাজিলের রাষ্ট্রদূত: ‘সবচেয়ে কঠিন সময়ে পাশে ছিলেন আপনারা, ব্রাজিল তা ভুলবে না’
ছবি: রোকেয়া কালেকটিভ গ্রাফিক্স

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের ব্রাজিল–সমর্থকদের উদ্দেশে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ. ডি. ফেরেস। চিঠিতে তিনি বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সবচেয়ে কঠিন সময়ে যারা ব্রাজিলের পাশে ছিলেন, তাঁদের কখনো ভুলবে না ব্রাজিল।

চিঠির শুরুতেই তিনি লেখেন, ফুটবলে এমন কিছু মুহূর্ত আসে, যখন নীরবতাই সব কথার চেয়ে বেশি কিছু বলে। শেষ বাঁশি বাজার পর বিশ্বের কোটি কোটি ব্রাজিলীয় সমর্থকের মতো বাংলাদেশের অসংখ্য সমর্থকও একই হতাশা অনুভব করেছেন বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের ব্রাজিল–সমর্থকদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের জার্সি পরার জন্য, আমাদের পতাকা ওড়ানোর জন্য, আমাদের খেলোয়াড়দের জন্য কণ্ঠ মেলানোর জন্য এবং এত আন্তরিকভাবে ব্রাজিলকে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের জাতীয় দলের প্রতি আপনাদের ভালোবাসা আমাদের গভীরভাবে স্পর্শ করে।’

ফুটবল ব্রাজিলের মানুষের কাছে শুধু একটি খেলা নয় বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, ‘এটি আমাদের স্মৃতি, শৈশব, পরিবার, সুর, আনন্দ, আশা এবং কখনো কখনো হৃদয়ভাঙারও নাম। কিন্তু হৃদয়ভাঙাও সত্যিকারের ভালোবাসারই অংশ। ফুটবলের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক এমন অনেক কঠিন সময় পার করেও টিকে আছে।’

চিঠিতে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ফুটবল সমন্বয়ক রদ্রিগো কায়েতানোর বক্তব্যও তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি বলেন, এটি কোনো গল্পের শেষ নয়, বরং নতুন একটি অধ্যায়ের শুরু। পুনর্গঠন, অঙ্গীকার, ধৈর্য ও ভবিষ্যতের প্রতি আস্থার মধ্য দিয়েই ব্রাজিল আবারও ঘুরে দাঁড়াবে।

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘আপনারা আমাদের সঙ্গে কাঁদেন, আমাদের সঙ্গে উদ্‌যাপন করেন, যেন ব্রাজিলও আপনাদের নিজের দেশ। আপনাদের এই ভালোবাসা ব্রাজিলের মানুষের জন্য এক অমূল্য উপহার। এমন মুহূর্তেই আমরা বুঝতে পারি, ফুটবল এমন এক ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে পারে, যা দূরত্ব, ভাষা কিংবা সীমান্তের চেয়েও শক্তিশালী।’

চিঠির শেষাংশে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘হলুদ জার্সি আবারও উজ্জ্বল হয়ে উঠবে। আবারও ফিরবে সুর, ফিরবে আনন্দ। আর যখন ব্রাজিল আবারও ঘুরে দাঁড়াবে, তখন সবচেয়ে কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, তাঁদের আমরা কখনোই ভুলব না।’

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।