চট্টগ্রামের বন্যা পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন, পানিবন্দি প্রায় ৪ লাখ মানুষ

রোকেয়া কালেকটিভ ডেস্ক
চট্টগ্রামের বন্যা পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন, পানিবন্দি প্রায় ৪ লাখ মানুষ
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় বন্যাকবলিত জনগণের মাঝে ত্রাণ বিতরণ

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের অন্তত সাতটি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চার উপজেলায় প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এ পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় ৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল প্রয়োজনীয় সরঞ্জামসহ কাজ শুরু করেছে।

এ ছাড়া ভারী বৃষ্টির কারণে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশনের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাসদস্যরা বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশন দুর্গত এলাকায় তিনটি ক্যাম্প স্থাপন করেছে।

আইএসপিআর আরও জানায়, বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।