‘শেখ হাসিনা নিজেই ফেরার কথা বলছেন, তাঁকে আনতে বাধা কোথায়?’—প্রশ্নের জবাবে যা বললেন শামা ওবায়েদ

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদের কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার কথা বলেছেন। তাহলে তাঁকে ফিরিয়ে আনতে বাধা কোথায়?
জবাবে তিনি বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি, যিনি বাংলাদেশে নানা অন্যায়, অত্যাচার ও অপরাধ করে বিদেশে পালিয়ে আছেন। শেখ হাসিনা কী বলছেন বা না বলছেন, সেটি এ ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।
প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সরকার বিদ্যমান আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সংঘটিত দুর্নীতি, হত্যা ও গুমের অভিযোগগুলোর স্বচ্ছ ও সুষ্ঠু বিচার দেশের মাটিতেই হওয়া উচিত। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এতে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।
ভারত সহযোগিতা করছে কি না, নাকি আইনি জটিলতা রয়েছে, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আইনি বিষয়গুলো আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অনুযায়ী যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা অব্যাহত রয়েছে এবং সেখানে কোনো ঘাটতি নেই বলে তিনি মনে করেন।






