আলফ্রেড ফ্রেন্ডলি প্রেস পার্টনার্স ফেলোশিপে বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলাম

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
আলফ্রেড ফ্রেন্ডলি প্রেস পার্টনার্স ফেলোশিপে বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলাম
বাংলাদেশের জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক মর্যাদাপূর্ণ আলফ্রেড ফ্রেন্ডলি প্রেস পার্টনার্স ইনভেস্টিগেটিভ জার্নালিজম ফেলোশিপে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশের জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক মর্যাদাপূর্ণ আলফ্রেড ফ্রেন্ডলি প্রেস পার্টনার্স ইনভেস্টিগেটিভ জার্নালিজম ফেলোশিপে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে আরও সাতটি দেশের সাংবাদিক এ বছরের ফেলোশিপে অংশ নিচ্ছেন।

মিসৌরি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জার্নালিজমের সহযোগিতায় পরিচালিত এ ফেলোশিপ আন্তর্জাতিক অঙ্গনে অনুসন্ধানী সাংবাদিকদের জন্য অন্যতম প্রতিযোগিতামূলক কর্মসূচি হিসেবে পরিচিত।

১৯৮৪ সালে যাত্রা শুরু হওয়া এই ফেলোশিপে এখন পর্যন্ত বিশ্বের ৯০টির বেশি দেশের ৪০০–এর বেশি সাংবাদিক অংশ নিয়েছেন। ফেলোশিপের কার্যক্রম যুক্তরাষ্ট্রের মিসৌরিতে শুরু হয়ে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইনভেস্টিগেটিভ রিপোর্টার্স অ্যান্ড এডিটরস (আইআরই) কনফারেন্সের মাধ্যমে শেষ হয়।

এই কর্মসূচিতে অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্যভিত্তিক রিপোর্টিং, পাবলিক রেকর্ডস অনুসন্ধান, গণমাধ্যম আইন, সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা, নিউজরুম ব্যবস্থাপনা এবং গণমাধ্যম উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ ছাড়া ফেলোশিপের অংশ হিসেবে সাংবাদিকরা আদালত, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিনিয়োগ প্রতিষ্ঠান এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। এর মাধ্যমে আইন, অর্থনীতি, শিক্ষা ও ব্যবসার বিভিন্ন কাঠামো কীভাবে জনস্বার্থে সাংবাদিকতা ও জবাবদিহিমূলক প্রতিবেদনকে প্রভাবিত করে, সে বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন অংশগ্রহণকারীরা।