সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’সহ তিন বই রাখার নির্দেশনা বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে জিয়া পরিবারকে নিয়ে প্রকাশিত তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে আজ এ-সংক্রান্ত নির্দেশনা বাতিল করা হয়েছে।
এর আগে গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি নির্দেশনাপত্র পাঠিয়েছিল। সেখানে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
মন্ত্রণালয়ের ওই নির্দেশনা প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরপর সোমবার আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশনা প্রত্যাহার করা হলো।
তবে কী কারণে নির্দেশনাটি বাতিল করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।






