পল্লবীতে শিশুকে ধর্ষণের পর পানির হাউজে ফেলে রাখার অভিযোগ, গ্রেপ্তার ১

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
পল্লবীতে শিশুকে ধর্ষণের পর পানির হাউজে ফেলে রাখার অভিযোগ, গ্রেপ্তার ১
অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে পল্লবী থানা ঘেরাও করেছেন স্থানীয় বাসিন্দারা | ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ১৪ বছর বয়সী এক শিশুকে ধ*র্ষণের পর অচেতন ও বিবস্ত্র অবস্থায় পানির হাউজে ফেলে রাখার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে পল্লবীর থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ওই শিশুটি বাথরুম থেকে ঘরে ফিরছিল। এ সময় আনোয়ার হোসেন সাঈদ তার মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে শিশুটিকে মারধর করা হয় এবং মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। পরে তাকে বিবস্ত্র অবস্থায় কলপাড়ের একটি পানির হাউজের ভেতর ফেলে রেখে পালিয়ে যান আনোয়ার।

ঘটনার কিছু সময় পর স্থানীয় এক ব্যক্তি অজু করতে গিয়ে পানির হাউজে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের বাসিন্দা ও শিশুটির স্বজনেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পল্লবী থানা-পুলিশ জানায়, ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত আনোয়ার হোসেনকে হাতেনাতে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই শিশুকে উত্যক্ত করাসহ বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মামলা দায়েরের পর এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।