জাতিসংঘে রোহিঙ্গা নারী-কিশোরীদের সংকট নিয়ে উদ্বেগ বাংলাদেশের

বিশ্বজুড়ে সংঘাত ও মানবিক সংকটের সবচেয়ে বড় মূল্য নারী ও শিশুদের দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, অর্থায়ন সংকটের কারণে রোহিঙ্গা নারী ও কিশোরীরা ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসকের (ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শামা ওবায়েদ বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক সহায়তা, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান।
বক্তব্যে তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টিও তুলে ধরেন। এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের ফাঁকে শামা ওবায়েদ ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বহুপক্ষীয় অঙ্গনে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।






