আমরা যারা পাবলিক ফিগার, তারা প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
আমরা যারা পাবলিক ফিগার, তারা প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার
রুমিন ফারহানা। ছবি: সংসদ বাংলাদেশ (বিটিভি)

রাজনীতি, গণমাধ্যমসহ বিভিন্ন পেশায় পরিচিত নারীরা প্রতিনিয়ত সাইবার হয়রানি, সাইবার বুলিং ও বিভিন্ন ধরনের সাইবার অপরাধের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পরে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। বিলটি সংসদে উত্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম।

এর আগে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০ ধারা বাতিল করে সংশোধনী আনা হয়। মূল আইনের ওই ধারায় সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার বিধান ছিল।

রুমিন ফারহানা বলেন, সাইবার স্পেসকে নারীদের জন্য নিরাপদ করা আইন প্রণয়নের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে কোনটি সত্য আর কোনটি ভুয়া, তা নির্ধারণ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এমনকি শিক্ষিত মানুষেরও অনেক সময় বিভ্রান্ত হতে হচ্ছে। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের কারণে পরিচিত নারীদের জন্য সাইবার স্পেস দিন দিন আরও অনিরাপদ হয়ে উঠছে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মতের ভিন্নতা থাকলেও কোনো নারীকে সাইবার বুলিংয়ের শিকার করা উচিত নয়। সাময়িকভাবে এটি কারও কাছে আনন্দদায়ক মনে হলেও, একসময় তা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে।