নতুন ২০টি দিবাযত্ন কেন্দ্র, চলমান কর্মসূচি শক্তিশালী করার প্রতিশ্রুতি বাজেটে

কর্মজীবী নারীদের সহায়তায় নতুন ২০টি দিবাযত্ন কেন্দ্র স্থাপনের প্রস্তাব এসেছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। একই সঙ্গে বিদ্যমান কেন্দ্র ও নারী-শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নারী ও শিশুদের সামাজিক নিরাপত্তা ও সুরক্ষাবলয় জোরদারে নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে বাজেট বক্তৃতায়। এর অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য আগামী অর্থবছরে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাজেটে বলা হয়েছে, নারী ও শিশু উন্নয়ন খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
নতুন ২০টি দিবাযত্ন কেন্দ্র, ধাপে আরও ৬০টি
কর্মজীবী ও শ্রমজীবী নারীদের সন্তানদের দেখভালের জন্য প্রথম ধাপে ২০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। পরবর্তী ধাপে আরও ৬০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে ‘কুইক রেসপন্স টিম’-কে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে ৮০ শতাংশ নিয়োগ নারী, আসছে ‘পিঙ্ক বাস’
দেশব্যাপী স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশই নারী। কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি নারীদের জন্য বিশেষ ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসনেও বিশেষ কর্মসূচি চালু রয়েছে।
মেয়েদের বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা
শিক্ষা খাতে মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা চালু রয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, জুতা, ব্যাগসহ সহায়তা এবং স্কুল পর্যায়ে স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।
শিশু সুরক্ষা ও পুনর্বাসন
পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে দেশের ১৭টি জেলায় ৩৩টি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে। পাশাপাশি শিশু শ্রম বন্ধে ২০২৬-২০৩০ মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনার খসড়া প্রণয়ন করা হয়েছে।
শিশু খাদ্যে শুল্ক কমানোর প্রস্তাব
শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামালের ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতি (স্টান্টিং) রোধে সমন্বিত জাতীয় কর্মসূচিও নেওয়া হবে বলে বাজেটে জানানো হয়েছে।





