হালান্ড দেখিয়ে দিলেন, শুধু ‘মাচো’ নন, রসিক ও সহজ-সরল পুরুষও নারীদের দারুণ পছন্দের হতে পারেন

রোকেয়া কালেকটিভ ডেস্ক
হালান্ড দেখিয়ে দিলেন, শুধু ‘মাচো’ নন, রসিক ও সহজ-সরল পুরুষও নারীদের দারুণ পছন্দের হতে পারেন
ফুটবলার এরলিং হালান্ড

ফুটবল মাঠে গোল করেই আলোচনায় আসেননি নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড। মাঠের বাইরের ব্যক্তিত্ব, রসবোধ ও সহজ-সরল আচরণও তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছে। বিশেষ করে অনেক নারী ভক্তের কাছে তিনি হয়ে উঠেছেন নতুন এক আকর্ষণের নাম। ভারতীয় সাময়িকী ভোগ ইন্ডিয়া জানাচ্ছে, হালান্ডের জনপ্রিয়তা শুধু তার ফুটবল দক্ষতার জন্য নয়, বরং প্রচলিত ‘মাচো’ পুরুষের ছাঁচ ভেঙে ভিন্ন এক ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করার কারণেও।

8fc2b7f8-bafb-4aa6-9096-47f814cf6dfe

মাত্র ২৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হয়েছেন হালান্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে তিনি আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে মাঠের পারফরম্যান্সের বাইরেও তার ভদ্র, রসিক ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব অনেকের দৃষ্টি কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে তৈরি হওয়া নানা মিম ও আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন অগুনতি নারী ভক্তও।

২২ বছর বয়সী শিল্পী ইরা পাতিল বলেন, হালান্ডের প্রতি আগ্রহ থেকেই তিনি নিয়মিত ফুটবল দেখা শুরু করেছেন।

ইরার ভাষায়, “হালান্ডকে এমন একজন মানুষ মনে হয়, যিনি ফুটবলারদের প্রচলিত পুরুষালি ভাবমূর্তির বাইরে। তার মধ্যে একধরনের কোমলতা আর আন্তরিকতা আছে, যা এই প্রতিযোগিতামূলক খেলায় খুব একটা দেখা যায় না।”

বিশ্বকাপে নিজের জার্সিতে হালান্ড বাবার পদবির পাশাপাশি মায়ের বিয়ের আগের পদবি ব্রাউট ব্যবহার করেছেন। মায়ের প্রতি এই সম্মানও অনেকের কাছে তাকে আরও আপন করে তুলেছে।

ইরা বলেন, “হালান্ডের মতো একজন মানুষ আলোচনায় আছেন, এটা ভালো লাগে। তিনি দেখিয়ে দিচ্ছেন, শুধু প্রতিভাবান হলেই হয় না, ভদ্র, সম্মানজনক এবং হাসিখুশি স্বভাবও একজন মানুষকে সবার কাছে প্রিয় করে তুলতে পারে।”

ইন্টারনেটভিত্তিক পুরুষতান্ত্রিক গোষ্ঠী বা ‘ম্যানোস্ফিয়ার’-এর প্রভাব ক্রমে বাড়ছে সর্বত্র। এই গোষ্ঠীর একটি অংশ দাবি করে, নারীরা নাকি কেবল ‘নরম স্বভাবের’ পুরুষদেরই পছন্দ করে, যাদের সহজে নিয়ন্ত্রণ করা যায়। এমন ধারণা থেকে ছড়িয়ে পড়া ‘ইনসেল’ সংস্কৃতি অনেক কিশোর ও তরুণের মধ্যে নারীবিদ্বেষী মনোভাব তৈরি করছে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

এমন সময়ে অনেকের মতে, পুরুষদের সামনে ইতিবাচক রোল মডেলের প্রয়োজন রয়েছে। হালান্ডকে সেই উদাহরণগুলোর একটি হিসেবে দেখা যেতে পারে। বিশাল দেহের এই ফুটবলার মাঠে ভয়ংকর প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে তিনি সহজ-সরল, রসিক এবং নিজের মতো করেই থাকতে স্বচ্ছন্দ। ফুটবলকে ঘিরে যখন অতিরিক্ত আগ্রাসন বা পৌরুষের প্রদর্শন প্রায়ই আলোচনায় আসে, তখন হালান্ড যেন ভিন্ন এক বার্তা দিচ্ছেন, শক্তি ও সাফল্যের সঙ্গে কোমলতা, বিনয় এবং রসবোধও সহাবস্থান করতে পারে।

সূত্র: ভোগ ইন্ডিয়া