আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান।
গত ২৭ মে সকালে হাসপাতালটির পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত ভিড়, দীর্ঘসময় এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থার অভাবের কারণে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে গিয়ে শিশুদের মৃত্যুর সম্ভাব্য কারণ তৈরি হয়।
এরপর ৪ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং একই দিন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তিন দিনের মধ্যে লাইসেন্স বাতিল কেন করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল তখন বলেছিলেন, হাসপাতালের জবাব সন্তোষজনক নয়।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে বলে দাবি করা হয়।
ঘটনা তদন্ত ও ক্ষতিপূরণ প্রক্রিয়া নিয়ে সরকার পরবর্তী আইনি ব্যবস্থা ও সুপারিশের জন্য আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে।





