আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমার মনোনয়ন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে তাঁর বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে মনোনয়ন দিয়েছেন। অনুমোদনের জন্য তাঁর নাম জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে।
আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এরিয়ানা নিউজ বৃহস্পতিবার সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদ শিগগিরই তাঁর নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
মনোনয়ন অনুমোদিত হলে রাবাব ফাতিমা কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন। আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে ওতুনবায়েভার মেয়াদ ২০২৫ সালে শেষ হয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি জাতিসংঘ।
রাবাব ফাতিমা ২০২২ সাল থেকে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
তিন দশকের বেশি সময়ের কূটনৈতিক জীবনে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও কমনওয়েলথ সচিবালয়ে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। সেখানে অভিবাসন, মানবাধিকার ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক বিভিন্ন বিষয়ে কাজ করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এ সময় তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি এবং বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন।
রাবাব ফাতিমা যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।





