বাংলাদেশ বেতার: সংবাদ পাঠে বড় টিপ নয়, ওড়না ব্যবহারে নতুন নির্দেশনা

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
বাংলাদেশ বেতার: সংবাদ পাঠে বড় টিপ নয়, ওড়না ব্যবহারে নতুন নির্দেশনা
ছবি: প্রতীকী

ফেইসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে নারী সংবাদ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ।

৪ মে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ বা শাড়ি পরতে হবে। একই সঙ্গে কপালে বড় টিপ ও একপাশে ওড়না পরা যাবে না।

অফিস আদেশে স্বাক্ষর করেন বেতারের বার্তা বিভাগের উপমহাপরিচালক তানিয়া নাজনীন।

পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে উৎসব ও পার্বণে পাঞ্জাবি পরা যাবে। টি-শার্ট ও গেঞ্জি পরা নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে জানতে বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ ও তানিয়া নাজনীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।

তবে রাতে বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ শরীফুল কাদের অনলাইন গণমাধ্যম বিডিনিউজকে বলেন,“মূলত শালীনতা বজায় রাখার জন্য ওদেরকে আহ্বান জানানো হয়েছে।”