আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: অক্সিজেন স্বল্পতা, বিপজ্জনক মাত্রায় ছিল কার্বন ডাই অক্সাইড

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চরম অবহেলা ও ব্যবস্থাপনার গুরুতর ত্রুটির প্রমাণ মিলেছে তদন্ত প্রতিবেদনে। ঘটনার তদন্ত শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা করা হয়েছে। সুপারিশের ভিত্তিতে আগামী রোববার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে দীর্ঘ সময় ধরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিকল ছিল। পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা তৈরি হয় এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়।
এতে আরও বলা হয়, নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স এবং প্রশাসনিক কর্মকর্তাদের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে। দায়িত্ব পালনে তাদের গুরুতর ঘাটতি ছিল।
প্রতিবেদনে উঠে আসে, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ছোট ও বদ্ধ কক্ষে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ও স্বজনদের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, নবজাতকদের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত প্রতিবেদনে যাদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





