যৌন শিক্ষা কি অপ্রাপ্তবয়স্কদের যৌন আচরণকে উৎসাহিত করে?

বিশ্বের অনেক দেশে যৌন শিক্ষা নিয়ে নানা ধরনের বিতর্ক ও ভুল ধারণা রয়েছে। কেউ মনে করেন, এটি শিশুদের অল্প বয়সে যৌনতা সম্পর্কে আগ্রহী করে তোলে। কেউ আবার মনে করেন, এটি পরিবার বা ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু বিভিন্ন গবেষণা ও আন্তর্জাতিক সংস্থার অভিজ্ঞতা বলছে, বাস্তবতা অনেকটাই ভিন্ন।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌন শিক্ষা সম্পর্কিত দশটি মিথ নিয়ে আলোচনা করেছে।
ইউএনএফপিএ বলছে, যৌন শিক্ষা শুধু যৌন সম্পর্কের বিষয় শেখায় না। বরং এটি শিশু ও কিশোর-কিশোরীদের শরীরের পরিবর্তন, ব্যক্তিগত নিরাপত্তা, সম্মতি, পারস্পরিক সম্মান, সম্পর্ক, প্রজনন স্বাস্থ্য এবং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে বয়সোপযোগী জ্ঞান দেয়।
ভুল ধারণা ১: যৌন শিক্ষা শিশুদের যৌন নির্যাতনের ঝুঁকিতে ফেলে
বাস্তবে এর উল্টোটা সত্য। যখন শিশুরা তাদের শরীর, ব্যক্তিগত সীমারেখা এবং অনাকাঙ্ক্ষিত স্পর্শ সম্পর্কে জানতে পারে, তখন তারা নির্যাতন বা শোষণের ঘটনা চিহ্নিত করতে এবং প্রয়োজনে সাহায্য চাইতে বেশি সক্ষম হয়। অনেক ক্ষেত্রে এই শিক্ষা শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দক্ষিণ আফ্রিকার জ্যান্ডিলে সিমেলানে ১৭ বছর বয়সে জানতে পারেন যে তিনি এইচআইভি আক্রান্ত। স্কুলে তিনি কখনোই যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে পর্যাপ্ত শিক্ষা পাননি। ফলে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়, সে বিষয়ে তার ধারণা ছিল না।
পরে তিনি বুঝতে পারেন, একজন বয়স্ক পুরুষের সঙ্গে সম্পর্কের মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছিলেন। বর্তমানে তিনি তরুণদের নিয়ে কাজ করেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সতর্ক করার চেষ্টা করেন। ইউএনএফপিএ বলছে, সঠিক তথ্যের অভাব তরুণদের ঝুঁকিতে ফেলতে পারে।
ভুল ধারণা ২: কেবল যৌন সম্পর্ক থেকে বিরত থাকার শিক্ষা যথেষ্ট
কিছু দেশে দীর্ঘদিন ধরে ‘অ্যাবস্টিনেন্স-অনলি’ বা শুধু যৌন সম্পর্ক থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু গবেষণায় দেখা গেছে, এই পদ্ধতি কিশোরী গর্ভধারণ বা যৌনবাহিত রোগের হার কমাতে খুব বেশি কার্যকর নয়। বরং সঠিক ও বৈজ্ঞানিক তথ্যভিত্তিক শিক্ষা তরুণদের আরও সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
ইয়াঙ্গুনের থিরি মাত্র ১৫ বছর বয়সে গর্ভবতী হন। প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু গর্ভধারণের ঝুঁকি বা প্রতিরোধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না।
গর্ভধারণের পর তাকে স্কুল ছাড়তে হয়, দ্রুত বিয়ে হয়, এবং পরে সেই বিয়েও ভেঙে যায়। থিরি পরে বলেন, যদি তিনি আগে প্রজনন স্বাস্থ্য ও গর্ভনিরোধ সম্পর্কে শিক্ষা পেতেন, তাহলে হয়তো জীবন অন্যরকম হতে পারত।
ভুল ধারণা ৩: যৌন শিক্ষা কিশোর-কিশোরীদের দ্রুত যৌন সম্পর্কে জড়াতে উৎসাহিত করে
বিভিন্ন গবেষণার ফলাফল বলছে, সমন্বিত যৌন শিক্ষা সাধারণত যৌন আচরণ বাড়ায় না। বরং অনেক ক্ষেত্রে তরুণরা যৌন সম্পর্ক শুরু করার আগে বেশি সময় নেয় এবং নিরাপদ আচরণ সম্পর্কে সচেতন হয়।
সিথু নামের এক তরুণ বলেন, কৈশোরে নিরাপদ যৌন আচরণ সম্পর্কে কোনো শিক্ষা না পাওয়ার কারণে তিনি এইচআইভি আক্রান্ত হন। পরে তিনি সিদ্ধান্ত নেন, নিজের অভিজ্ঞতাকে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে ব্যবহার করবেন। এখন তিনি তরুণদের মধ্যে সচেতনতা তৈরির কাজে যুক্ত।
ভুল ধারণা ৪: এটি ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের বিরোধী
বাস্তবে অনেক কার্যকর শিক্ষা কর্মসূচি স্থানীয় সংস্কৃতি, সামাজিক বাস্তবতা এবং ধর্মীয় মূল্যবোধ বিবেচনা করেই তৈরি করা হয়। অনেক ধর্মীয় নেতা ও সম্প্রদায়ভিত্তিক সংগঠনও শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগকে সমর্থন করে।
ভারতের বিহার রাজ্যে ইউএনএফপিএ এবং শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে একটি উদ্যোগ নেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল কিশোর-কিশোরীদের বয়সোপযোগী এবং সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদান করা, যাতে তারা স্বাস্থ্যকর দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারে এবং বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার দক্ষতা অর্জন করে।
এই কর্মসূচি বাস্তবায়নে নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং হায়দরাবাদের মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয় সহযোগিতা করে। উদ্যোগটির লক্ষ্য ছিল হাজার হাজার তরুণ-তরুণীর কাছে এসব গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়া।
ভুল ধারণা ৫: এটি নির্দিষ্ট যৌন পরিচয় বা জীবনধারা প্রচার করে
সমন্বিত যৌন শিক্ষার উদ্দেশ্য কাউকে কোনো নির্দিষ্ট পরিচয় গ্রহণে উৎসাহিত করা নয়। এর লক্ষ্য হলো সকল মানুষের প্রতি সম্মান, বৈষম্যহীনতা এবং মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা। এটি তরুণদের পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মূল্য শেখায়।
ভুল ধারণা ৬: শিশুরা নিষ্পাপ ও নির্দোষ, যৌন শিক্ষা এই গুণ নষ্ট করে
শিশুরা আজকের ডিজিটাল যুগে বিভিন্ন উৎস থেকে তথ্য পায়, যার অনেকটাই ভুল বা বিভ্রান্তিকর হতে পারে। বয়সোপযোগী ও নির্ভরযোগ্য শিক্ষা তাদের সঠিক তথ্য দেয় এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ায়। এটি শিশুদের মানসিকতাকে নষ্ট করার পরিবর্তে তাদের নিরাপদ থাকতে সাহায্য করে।
ভুল ধারণা ৭: ছোট শিশুদের জন্য এটি অনুপযুক্ত
যৌন শিক্ষা সব বয়সের জন্য একই রকম নয়। ছোট শিশুদের ক্ষেত্রে এটি মূলত শরীরের বিভিন্ন অংশ চেনা, ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপদ ও অনিরাপদ স্পর্শ, সম্মান এবং আত্মরক্ষার মতো বিষয় নিয়ে আলোচনা করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়বস্তু ধীরে ধীরে বিস্তৃত হয়।
ভুল ধারণা ৮: এটি হস্তমৈথুনকে উৎসাহিত করে
এই শিক্ষার উদ্দেশ্য কোনো আচরণকে উৎসাহিত করা নয়। বরং শিশু-কিশোরদের প্রশ্নের বৈজ্ঞানিক ও নিরপেক্ষ উত্তর দেওয়া এবং তাদের মধ্যে প্রচলিত ভুল ধারণা দূর করা। স্বাস্থ্য ও শরীর সম্পর্কিত তথ্য লুকিয়ে রাখার পরিবর্তে সঠিকভাবে ব্যাখ্যা করাই এর লক্ষ্য।
ভুল ধারণা ৯: এটি শিশুদের প্রতি যৌন আকর্ষণ বা পেডোফিলিয়াকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করে
এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। যৌন শিক্ষা শিশুদের সুরক্ষা, অধিকার এবং নিরাপত্তার ওপর জোর দেয়। শিশুদের প্রতি যৌন নির্যাতন ও শোষণকে এটি স্পষ্টভাবে অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করে।
ভুল ধারণা ১০: শিশুদের জন্য যৌনতা বিষয়টি গুরুত্বপূর্ণ নয়
যৌনতা বলতে শুধু যৌন সম্পর্ক বোঝায় না। এর সঙ্গে জড়িত রয়েছে পরিচয়, আবেগ, সম্পর্ক, শরীর, সম্মতি, নিরাপত্তা এবং সামাজিক আচরণ। শিশু ও কিশোরদের জীবনের বিভিন্ন পর্যায়ে এসব বিষয় সম্পর্কে উপযুক্ত জ্ঞান থাকা তাদের সুস্থ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।
ইউএনএফপিএ মনে করে, যৌন শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশু ও তরুণদের এমন জ্ঞান ও দক্ষতা দেওয়া, যাতে তারা নিজেদের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারে, নিরাপদ থাকতে পারে, অন্যের প্রতি সম্মান দেখাতে শিখতে পারে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দায়িত্বশীলভাবে নিতে পারে। এটি যৌন আচরণকে উৎসাহিত করার কর্মসূচি নয়; বরং তথ্যভিত্তিক শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করার একটি প্রচেষ্টা।
সূত্র: ইউএনএফপিএ, নিবন্ধে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।





