'নূরজাহান' ইস্যুতে আলোচনা না থামতেই মিলল আরেক বৃদ্ধার লাশ

রাজধানীর মিরপুরে একাকী বসবাসরত একজন প্রবীণ নারী নূরজাহানের মরদেহ উদ্ধারের ঘটনায় আলোচনা চলার মধ্যেই একই এলাকা থেকে আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার (৩ জুন) রাতে মিরপুর ৬ নম্বর এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করতেন। তার স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন বলে জানা গেছে। প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে ওই ফ্ল্যাটে একাই বসবাস শুরু করেন।
পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। সর্বশেষ ২৬ মে রাতে তার এক ভাতিজার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বলেন, “মরদেহ উদ্ধারের পর অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এর আগে গত ৩১ মে মিরপুরের একটি বাসা থেকে নূরজাহান বেগম নামে আরেক প্রবীণ নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মৃত বৃদ্ধার ৩ ছেলের একজন যুগ্ম-সচিব, একজন বুয়েট শিক্ষক ও আরেকজন কানাডায় বসবাস করেন। নূরজাহান বেগম তার মেয়ের ফ্ল্যাটে থাকতেন।





