উখিয়ায় পাহাড় ধসে সাত শিশুসহ আট জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিশু। এছাড়া আহত পাঁচ শিশুকে বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে ভারী বর্ষণে দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনার আগে মাদ্রাসাটিতে শিশুরা পড়ছিল। ভেতরে আরও বেশ কয়েকজন শিশু চাপা পড়ে আছে বলে জানা গেছে।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
আরআরআরসি জানায়, পরে ফায়ার সার্ভিসের নেতৃত্বে পরিচালিত উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ থেকে মোট ১৩ শিশুকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে সাত শিশুসহ আটজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। চারজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
আহত পাঁচ শিশুকে ক্যাম্প-৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প-৬-এর আইআরসি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের নেতৃত্বে এবং সিসিসিএম স্বেচ্ছাসেবকদের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালিত হয়। পরে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো উদ্ধার কার্যক্রম তদারকি করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কর্মকর্তারা।
গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি বেড়েছে। পাহাড় কেটে গড়ে ওঠা বসতিগুলোতে বসবাসকারী হাজারো রোহিঙ্গা পরিবার এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে।





