আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু ওয়ার্ডে পরিস্থিতি ছিল “দমবন্ধকর”: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। বুধবার ভোরে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড ও আশপাশের ইউনিটে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ওয়ার্ডের পরিস্থিতি ছিল “দমবন্ধকর”।
তিনি বলেন, এসি বন্ধ করার পর সেখানে বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জাহিদ রায়হান সাংবাদিকদের বলেন, রাত ২টার দিকে একজন এসি বন্ধ করতে বলেন। এরপর কিছুক্ষণ পর এক নবজাতক অস্বস্তি বোধ করলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে আবার ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়। তবে ভোর থেকে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয় এনআইসিইউ-তে।
ঘটনার কারণ অনুসন্ধানে সিআইডির একটি টেকনিক্যাল টিম কাজ করছে বলে জানান তিনি।
এর আগে পুলিশ জানিয়েছিল, গ্যাসলাইনের লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর রমনা থানা পুলিশ হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেছে। তারা বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।





