পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম বন্ধে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে তাকে ফেরত পাঠানোর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই ভারতকে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, সীমান্তে পুশইনের ঘটনা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

শামা ওবায়েদ ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকাতে সীমান্তবর্তী ২৬ জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তজুড়ে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছেন।

এদিকে সোমবার (৮ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে চার দিনব্যাপী ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন চলবে ১১ জুন পর্যন্ত।

বিজিবি জানিয়েছে, বৈঠকে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।