দেখে নিন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার কারা

রোকেয়া কালেকটিভ ডেস্ক
দেখে নিন  ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার কারা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মানেই গোল, নাটকীয়তা আর নতুন নায়কের জন্ম। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই মাঠের লড়াইয়ের পাশাপাশি আরেকটি বিষয়ও ছিল আলোচনায়। বিভিন্ন দেশের কয়েকজন ফুটবলার তাঁদের সুদর্শন চেহারা, ব্যক্তিত্ব ও স্টাইলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে পুরুষদের ফুটবল বিশ্বকাপ। একই সঙ্গে এবারই প্রথম ৩২ দলের বদলে ৪৮টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। অনেকের কাছে এটিই হতে পারে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ।

তবে খেলার উত্তেজনার পাশাপাশি এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও টিকটকে ভক্তদের আলোচনার বড় অংশজুড়েই ছিলেন কয়েকজন তারকা ফুটবলার।

বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোর পর যাঁদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়ার চো গ্যু-সুং, স্পেনের ফেরান তোরেস, আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, জাপানের কেইতো নাকামুরা, তুরস্কের কেনান ইয়িলদিজ, সুইডেনের লুকাস বার্গভাল, ক্রোয়েশিয়ার যশকো গভার্দিওল, নেদারল্যান্ডসের মিকি ফান ডে ফেন, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, পর্তুগালের পেদ্রো নেতো, উরুগুয়ের ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং মিসরের ওমর মারমুশ।

চো গ্যু-সুং (দক্ষিণ কোরিয়া)

“লোকটা দারুণ হ্যান্ডসাম, আর সে সেটা জানেও,” দক্ষিণ কোরিয়ার এই স্ট্রাইকারের একটি ভিডিও শেয়ার করে এক্সে লিখেছেন এক ব্যবহারকারী। আরেকজন লিখেছেন, “ওকে একেবারে কে-পপ আইডলের মতো লাগে।”

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন ২৮ বছর বয়সী চো।

ডেনিশ ক্লাব মিডটইল্যান্ডের এই স্ট্রাইকার ২০২২ বিশ্বকাপেও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার চো আগের বিশ্বকাপে হেড থেকে বল দখলের লড়াইয়ে দ্বিতীয় স্থানে ছিলেন, যা তাঁকে মাঠেও বাড়তি সুবিধা দিয়েছে।

ফেরান তোরেস (স্পেন)

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফেরান তোরেসের ‘গ্লো-আপ’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল।

একজন ভক্ত মন্তব্য করেন, “স্পেন জাতীয় দলের অধিনায়ক অসম্ভব সুন্দর দেখতে।”

২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলছেন। ২০২৪ সালে তিনি স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন হতে সহায়তা করেন।

বর্তমানে বার্সেলোনার হয়ে খেলা এই তারকা আগে ভ্যালেন্সিয়া ও ম্যানচেস্টার সিটির জার্সিও গায়ে তুলেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একসময় স্পেনের কোচ লুইস এনরিকের মেয়ে সিরা মার্তিনেজের সঙ্গে সম্পর্কে ছিলেন।

এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)

একজন ভক্ত লিখেছেন, “এখন থেকে এনজোই আমার প্রিয় ফুটবলার।” আরেকজনের মন্তব্য, “মাঠেই যেন ফ্যান সার্ভিস চলছে!”

২৫ বছর বয়সী এনজো ২০২২ কাতার বিশ্বকাপে অভিষেকেই আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পান।

বর্তমানে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়ে খেলছেন তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে ১২১ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ক্লাবটিতে যোগ দেন। এর আগে খেলেছেন বেনফিকা, রিভার প্লেট ও দেফেনসা ই হুস্তিসিয়ায়।

সঙ্গী ভ্যালেন্তিনা সার্ভান্তেসের সঙ্গে তাঁর দুটি সন্তান রয়েছে।

কেইতো নাকামুরা (জাপান)

একজন ভক্ত লিখেছেন, “এই বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন ফুটবলার কেইতো নাকামুরা।” আরেকজন বলেন, “জাপানের ১৩ নম্বর জার্সিধারী এখন আমার নতুন ক্রাশ।”

২৫ বছর বয়সী এই ফুটবলার নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করে আলোচনায় আসেন। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া কেইতোর এটি প্রথম বিশ্বকাপ। তিনি জাপানকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতাতে চান। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার বর্তমানে ফরাসি ক্লাব রেইমসের হয়ে খেলেন।

কেনান ইয়িলদিজ (তুরস্ক)

অনেকেই তাঁকে এবারের বিশ্বকাপের “ইট বয়” বলে অভিহিত করেছেন। আবার অনেকের মতে, তাঁর চেহারার সঙ্গে অভিনেতা নিকোলাস গ্যালিটজাইনের মিল রয়েছে।

একজন ভক্ত মজা করে লিখেছেন, “ইয়িলদিজ, যদি কখনো কাঁদার জন্য কাঁধ দরকার হয়, আমি আছি।”

জার্মানিতে জন্ম নেওয়া ২১ বছর বয়সী কেনানের বাবা তুর্কি, মা জার্মান। ফলে তিনি জার্মানি বা তুরস্ক, যেকোনো দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন।

২০২২ সালে তুরস্ক অনূর্ধ্ব-২১ দলে অভিষেক হয় তাঁর। পরের বছর জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে করেন প্রথম আন্তর্জাতিক গোল।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ড ইতালির জুভেন্টাসের হয়ে খেলেন। গত মে মাসে ২০২৫-২৬ মৌসুমে সিরি আ’র সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় নির্বাচিত হন। অস্ট্রেলীয় মডেল নাটালিয়া শ্যাডলের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

লুকাস বার্গভাল (সুইডেন)

একজন ভক্ত তাঁকে “বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন খেলোয়াড়” বলে উল্লেখ করেছেন। আরেকজন লিখেছেন, “মনে হচ্ছে যেন রূপকথা থেকে বেরিয়ে এসেছে।”

তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের ৫-১ গোলের জয়ের পর সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন লুকাস।

যশকো গভার্দিওল (ক্রোয়েশিয়া)

২৪ বছর বয়সী এই ডিফেন্ডার ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তৃতীয় স্থান অর্জনে সহায়তা করেছিলেন।

জাগরেবে জন্ম নেওয়া গভার্দিওলের বাবা ছিলেন জেলে এবং মা একটি পাইকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ডিনামো জাগরেবের বয়সভিত্তিক দলে খেলার সময় পর্যাপ্ত সুযোগ না পেয়ে একসময় ফুটবল ছেড়ে মাছ বিক্রির কথাও ভেবেছিলেন তিনি। পরে পরিবারের এক বন্ধুর পরামর্শে সিদ্ধান্ত বদলান।

৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাঁর দল ইংল্যান্ড, পানামা ও ঘানার মুখোমুখি হয়েছে।

মিকি ফান ডে ফেন (নেদারল্যান্ডস)

বিশ্বকাপ শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিকি ফান ডে ফেনের ছবি ও জিআইএফ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২০২২ বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা হয়নি তাঁর।

২০২৫ সালে মাল্টার বিপক্ষে ৮-০ গোলের জয়ে নেদারল্যান্ডসের হয়ে প্রথম গোল করেন। এরপর বিশ্বকাপে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন।

২৫ বছর বয়সী এই ডিফেন্ডার বিশ্বের দ্রুততম ফুটবলারদের একজন। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার মিকি বর্তমানে টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলেন।

জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)

মাত্র ২২ বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জুড বেলিংহ্যাম।

এটি তাঁর দ্বিতীয় বিশ্বকাপ। ২০২০ সালে ইংল্যান্ডের সিনিয়র দলে অভিষেক হয় তাঁর।

২০২৩ সালে ১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডার। এর আগে খেলেছেন বার্মিংহাম সিটি ও বরুসিয়া ডর্টমুন্ডে।

বাবার মাধ্যমে আইরিশ এবং মায়ের মাধ্যমে কেনীয় বংশোদ্ভূত জুড মাঠের বাইরেও পরিচিত মুখ। তিনি কিম কার্দাশিয়ানের ব্র্যান্ড স্কিমসের জন্য মডেল হয়েছেন এবং লুই ভুইতঁর সঙ্গেও চুক্তিবদ্ধ। বর্তমানে মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলিন কাস্ত্রোর সঙ্গে সম্পর্কে রয়েছেন।

পেদ্রো নেতো (পর্তুগাল)

একজন ভক্ত লিখেছেন, “ওহ মাই গড! আমি ওর প্রেমে পড়ে গেছি।” আরেকজনের ভাষায়, “ক্লাব বিশ্বকাপ থেকেই আমি ওর প্রেমে।”

২৬ বছর বয়সী এই উইঙ্গার বর্তমানে চেলসির হয়ে খেলেন। এর আগে খেলেছেন ব্রাগা, লাৎসিও ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে।

২০২০ সালে পর্তুগালের সিনিয়র দলে অভিষেক হয় তাঁর। প্রথম ম্যাচেই আন্দোরার বিপক্ষে গোল করেন। গত বছর উয়েফা নেশনস লিগ জিততেও দলকে সাহায্য করেন।

২০২২ বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। পর্তুগিজ টেনিস খেলোয়াড় ক্যারোলিনা কুনহা ই সিলভার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে জানা যায়।

ম্যাক্সিমিলিয়ানো আরাউহো (উরুগুয়ে)

২৬ বছর বয়সী ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এই বিশ্বকাপেই প্রথমবারের মতো খেলছেন।

মন্তেভিদিওতে জন্ম নেওয়া এই লেফট-ব্যাক বর্তমানে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির হয়ে খেলেন।

তাঁর দাদা ভারতের গোয়ার লৌতোলিমে জন্মেছিলেন, যা একসময় পর্তুগিজ ভারতের অংশ ছিল। তাঁর ছোট ভাই সিজার আরাউহোও একজন পেশাদার ফুটবলার এবং বর্তমানে মেক্সিকোর ক্লাব তিগ্রেসের হয়ে খেলেন।

ওমর মারমুশ (মিসর)

মিসরের কায়রোতে জন্ম নেওয়া ২৭ বছর বয়সী ওমর মারমুশের রয়েছে মিসর ও কানাডার দ্বৈত নাগরিকত্ব। তাঁর বাবা-মা ছয় বছর কানাডায় থাকার পর আবার কায়রোতে ফিরে যান।

৬ ফুট উচ্চতার এই ফরোয়ার্ড ২০২১ সালে মিসরের জাতীয় দলে অভিষেক করেন। ২০২২ বিশ্বকাপে মিসর জায়গা না পাওয়ায় এটিই তাঁর প্রথম বিশ্বকাপ।

বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন মারমুশ। এর আগে খেলেছেন ওয়াদি দেগলা, উলফসবুর্গ ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে।

আরবি, জার্মান ও ইংরেজি ভাষায় সাবলীল মারমুশ ২০২৬ সালের শুরুতে দীর্ঘদিনের সঙ্গী জাইলান এল গাব্বাসকে বিয়ে করেছেন।

সূত্র: Bored Panda