কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

রোকেয়া কালেকটিভ প্রতিনিধি
কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী। ফাইল ছবি

প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ জানান, হাইকোর্টের নির্দেশনা এবং নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিন আদেশের পরিপ্রেক্ষিতে তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কারা কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, আইভীর জামিন-সংক্রান্ত কাগজপত্র আগেই কারাগারে পৌঁছেছিল। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় তার মুক্তি কার্যকর হতে কিছুটা সময় লাগে।

পরে বুধবার রাতে কারা কর্তৃপক্ষ জানায়, নারায়ণগঞ্জের একাধিক মামলায় জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর আইভীর বিরুদ্ধে আর কোনো আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির সময় কারাগারের ফটকে তার আইনজীবী, স্বজন ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। কারাগার থেকে বের হয়ে তিনি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় তিনি একাধিকবার জামিন পেলেও পরবর্তীতে নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।