শিশুদের বছরে অন্তত একটি গাছ লাগানোর আহবান প্রধানমন্ত্রীর

দেশকে আরও সবুজ, বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল করে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশের শিশুদের প্রতি প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেই গাছ সম্পর্কে জানার আহবান জানিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের আওতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতিবছর একটি করে গাছ রোপণ করতে। সেটি তোমাদের স্কুলে হোক বা বাসার আশপাশে। যেখানে সুযোগ পাবে, সেখানে একটি করে গাছ লাগাবে।’
শুধু গাছ লাগানোই নয়, গাছ সম্পর্কে জানার প্রতিও শিশুদের উৎসাহিত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন,
‘গাছটি কতটুকু অক্সিজেন উৎপাদন করে, মানুষের কী কী উপকারে আসে, এসব বিষয় ইন্টারনেটে খুঁজে দেখবে, বিভিন্নভাবে গবেষণা করবে। এভাবে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানতে পারবে।’
তিনি বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে তা শিক্ষার্থীদের ছায়া দেবে এবং বিশ্রামের জায়গা হয়ে উঠবে। আর বাড়ির আশপাশে লাগানো গাছ বড় হলে পরিবেশ শীতল রাখতে, নির্মল বাতাস নিশ্চিত করতে এবং বসবাসের পরিবেশ আরও আরামদায়ক করতে ভূমিকা রাখবে।
আজকের দিনটিকে স্মরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
‘আজ একটি স্মরণীয় দিন। আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।’
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিশুশিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি ও পরিবেশবিষয়ক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








