২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত শতাধিক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে প্রায় এক হাজার শিশু।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের সর্বশেষ পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৪ শিশু। একই সময়ে আরও ৮৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৬২৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৪ হাজার ৬২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮০ হাজার ৯৭৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।






