হামে পাঁচ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় 'নিশ্চিত' হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে ১৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম পরিস্থিতি–সংক্রান্ত সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৯৬৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ১৫৪ জনের হাম নিশ্চিত হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৬ হাজার ৪১১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে মোট ৬৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন।







