হামে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৭৩৮

হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত শনাক্ত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামে ও হামের উপসর্গে মোট ৭৩৮ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া সাত শিশুর মধ্যে চারজন ঢাকার। এ ছাড়া সিলেট বিভাগে একজন এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
একই সময়ে ৯২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পরীক্ষায় আরও ১০৬ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৬১৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ১২ হাজার ৬৩২ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। ফলে উপসর্গ ও নিশ্চিত শনাক্ত মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ২৫০ জনে।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৮৪৪ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ১২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৫ শিশু।
বাংলাদেশে কয়েক বছর ধরে নিয়মিত টিকাদান কর্মসূচির কারণে হাম অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তবে চলতি বছর সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিভিন্ন প্রতিবেদনে নিয়মিত হাম টিকাদানে ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়েছে।







