উচ্চমাত্রার অ্যালার্জিতে অসুস্থ ডা. দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
উচ্চমাত্রার অ্যালার্জিতে অসুস্থ ডা. দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে
ছবি: সংগৃহীত

উচ্চমাত্রার অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ হয়ে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল।

চিকিৎসা শেষে সোমবার (২৯ জুন) তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা যায়, সোমবার সকালে কারাগারে অসুস্থ বোধ করলে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, ঢামেকে আনার পর মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রয়োজনীয় কিছু পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট পর্যালোচনার পর ব্যবস্থাপত্রে ওষুধ দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীদের পাহারায় তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. হাশেম রেজা বলেন, ডা. দীপু মনি উচ্চমাত্রার অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসকদের মতামত অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন না হওয়ায় চিকিৎসা শেষে তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের বহু নেতা আত্মগোপনে যান। পরে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী অনেককে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ডা. দীপু মনিও রয়েছেন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।