আপনার স্বামী বা সঙ্গী কি ধূমপান করেন? জেনে নিন কী ঝুঁকিতে আছেন

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
আপনার স্বামী বা সঙ্গী কি ধূমপান করেন? জেনে নিন কী ঝুঁকিতে আছেন
গ্রাফিক্স: রোকেয়া কালেকটিভ

নারী নিজে ধূমপান না করলেও, স্বামী, সঙ্গী, পরিবারের সদস্য বা বন্ধুর সিগারেটের ধোঁয়া তার স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এই পরোক্ষ ধূমপান বা সেকেন্ডহ্যান্ড স্মোক প্রতি বছর বিশ্বজুড়ে লাখো মানুষের অকালমৃত্যুর কারণ হচ্ছে, আর এর বড় একটি অংশ নারী।

বিশ্বব্যাপী ধূমপান করেন না এমন প্রাপ্তবয়স্ক নারীদের প্রায় ৩৫ শতাংশ নিয়মিত অন্যের সিগারেটের ধোঁয়ার সংস্পর্শে আসেন।

গবেষণা বলছে, পরোক্ষ ধূমপানের কারণে হওয়া মৃত্যুর প্রায় ৪৭ শতাংশই প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে ঘটে।

চিকিৎসকদের মতে, সিগারেটের ধোঁয়ায় থাকা বিষাক্ত রাসায়নিক পদার্থ ফুসফুসের ক্যানসার, হৃদরোগ এবং শ্বাসতন্ত্রের নানা জটিলতার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে যেসব নারী নিজেরা ধূমপান করেন না, কিন্তু ধূমপায়ী স্বামী বা সঙ্গীর সঙ্গে বসবাস করেন, তাদের ঝুঁকি আরও বেশি।

জাপানের একটি গবেষণায় দেখা গেছে, ভারী ধূমপায়ী পুরুষদের স্ত্রীদের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ধূমপান না করা পুরুষদের স্ত্রীদের তুলনায় দ্বিগুণ পর্যন্ত হতে পারে।

শুধু প্রাপ্তবয়স্ক নারীরাই নন, পরোক্ষ ধূমপানের ক্ষতি শুরু হতে পারে শৈশব থেকেই। গবেষণায় দেখা গেছে, শিশু ও কিশোরী বয়সে সিগারেটের ধোঁয়ার সংস্পর্শে এলে মেয়েদের ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধি ও কার্যক্ষমতা ব্যাহত হতে পারে।

গর্ভবতী নারীদের জন্য ঝুঁকি আরও গুরুতর। গর্ভাবস্থায় পরোক্ষ ধূমপানের সংস্পর্শ গর্ভপাত, মৃত সন্তান প্রসব এবং জন্মের পর আকস্মিক শিশুমৃত্যুর ঝুঁকি বাড়ায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান শুধু ধূমপায়ীর ব্যক্তিগত বিষয় নয়। ঘর, কর্মক্ষেত্র বা আড্ডায় একজনের সিগারেটের ধোঁয়া আশপাশের নারী, শিশু ও অন্যদের স্বাস্থ্যকেও বিপদের মুখে ঠেলে দেয়। তাই পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় ঘর ও জনপরিসর ধূমপানমুক্ত রাখা জরুরি।

সূত্র: Campaign for Tobacco-Free Kids

নোট: ধূমপান নারী ও পুরুষ উভয়েরই মৃত্যু ঘটায়। বাংলাদেশে এখনও পুরুষ ধূমপায়ীর হার নারী ধূমপায়ীর তুলনায় বেশি। তারপরও ধূমপানের জন্য নারীদের নানাভাবে হেনস্থার দৃষ্টান্ত আছে ।