প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
এ বছর সারাদেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন।
দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
যেভাবে ফল মিলছে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইন এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে ফল দেখার জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা তথ্যব্যবস্থার (IPEMIS) অফিসিয়াল পোর্টাল ব্যবহার করতে হবে।
পরীক্ষার সময়সূচি
পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬। অন্যদিকে বিশেষ পরিস্থিতির কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরীক্ষা নেওয়া হয় ১৭ থেকে ২০ এপ্রিল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সব জেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকাও অনলাইনে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমেও ফলাফল সম্পর্কে জানতে পারবেন।








